বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭:১৬

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বেসিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশ নিতে কোনো ফি দিতে হবে না। উল্টো প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা ও খাবার পাবেন প্রশিক্ষণার্থীরা।

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও নারীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

প্রশিক্ষণ শুরু হবে আগামী ১ অক্টোবর। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রশিক্ষণার্থী বাছাইয়ে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণার পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর।

পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে