শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৭:৪০

বড় সুখবর এই ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য

বড় সুখবর এই ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা হিসাবের ক্ষেত্রে আগের ‘হেয়ারকাট’ বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।

ফলে সংশ্লিষ্ট আমানতকারীদের মুনাফা এককভাবে ৪ শতাংশ হারে হিসাব না করে, নির্ধারিত সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত পুনর্গণনা করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক শামস তিবরীজ ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নতুন নির্দেশনার আগে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং কিস্তিভিত্তিক আমানতের মুনাফা ৪ শতাংশ হারে নির্ধারণের সিদ্ধান্ত ছিল।

তবে নতুন নির্দেশনায় ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এখন সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের যে কার্যকর মুনাফার হার ছিল, সেটি বিবেচনায় নিয়ে প্রতিটি আমানত হিসাব পুনর্নির্ধারণ করতে হবে।অর্থাৎ, আমানতকারীদের মুনাফা আর সবার জন্য এককভাবে ৪ শতাংশ ধরে হিসাব করা হবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের সংশ্লিষ্ট ব্যক্তিগত মেয়াদি ও কিস্তিভিত্তিক আমানতের মুনাফা পুনর্গণনা করতে হবে।এ ছাড়া ২০২৫ সালের ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের অন্তর্বর্তী সময়ের জন্যও ব্যাংকের পুনর্নির্ধারিত মুনাফার হার কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা এবং মুনাফা সমন্বয়ের বাস্তব জটিলতার বিষয়টি বিবেচনায় নিয়ে আগের ‘হেয়ারকাট’ সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনা করা হয়েছে।এর ফলে সংশ্লিষ্ট আমানতকারীদের পাওনা মুনাফা নির্ধারণে নতুন পদ্ধতি অনুসরণ করতে হবে।

নতুন সিদ্ধান্তের ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিগত মেয়াদি ও কিস্তিভিত্তিক আমানতকারীদের মুনাফা ৪ শতাংশে সীমাবদ্ধ রাখার আগের সিদ্ধান্ত কার্যত বাতিল হলো।

এখন নির্ধারিত সময়ের ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী প্রতিটি আমানত হিসাব পুনর্গণনা করা হবে। ফলে সংশ্লিষ্ট আমানতকারীদের পাওনা আগের হিসাবের তুলনায় পরিবর্তিত হতে পারে।বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তকে আমানতকারীদের আস্থা পুনর্গঠন এবং ব্যাংকের স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে