শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮:২৩

আপনি কী যুক্তরাষ্ট্রে পড়তে চান, এলো বিরাট সুযোগ

আপনি কী যুক্তরাষ্ট্রে পড়তে চান, এলো বিরাট সুযোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের ১৫ থেকে ১৭ বছর বয়সী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ এসেছে। কেনেডি-লুগার যুব বিনিময় ও শিক্ষা কর্মসূচির আওতায় ২০২৭ সালের বসন্তকালীন সেমিস্টারের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, মেধাভিত্তিক ও প্রতিযোগিতামূলক এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি আশ্রয়দাতা পরিবারের সঙ্গে বসবাসের পাশাপাশি সেখানকার একটি উচ্চবিদ্যালয়ে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ পাবেন।

এছাড়া শিক্ষার্থীরা নেতৃত্বের দক্ষতা অর্জনের পাশাপাশি সুশাসন, ব্যবসা ও উদ্ভাবনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও সাফল্য সম্পর্কে জানার সুযোগ পাবেন। বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের সমাজ ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত হতে পারবেন।

এই কর্মসূচির লক্ষ্য হলো বিভিন্ন দেশের তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন পরিবেশে পড়াশোনা, নেতৃত্ব এবং সাংস্কৃতিক বিনিময়ের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বিকেল ৪টা।

আবেদন পদ্ধতি, যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে