এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের পর আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। নিহত অপরজন একটি শিশু। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
পরিচয় পাওয়া নিহতরা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)।
জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনে আগুন লাগার পর বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। এ সময় প্রচণ্ড ধাক্কাধাক্কি ও পদদলনের ঘটনা ঘটে। এতে অজ্ঞাত ওই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়।
খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর অতিরিক্ত ইউনিট সরিয়ে নেওয়া হলেও চারটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, নতুন ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের সঙ্গে যুক্ত বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি জানান, আগুন বড় আকার ধারণ না করলেও কন্ট্রোল রুম থেকে ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। মূলত সেই ধোঁয়া দেখেই রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।
হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে হাসপাতালের কোনো ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়নি। আগুনের প্রকৃত কারণ এবং বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্তের পর জানা যাবে।