এমটিনিউজ২৪ ডেস্ক : বাগেরহাটে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য চলাকালে বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স মো. মাহবুবুল আলমের মোবাইল ফোনে একের পর এক কল আসায় সভা থেকে তিনি বেরিয়ে যান। এতে উপস্থিত সবার মনোযোগ বিঘ্নিত হয়। বিষয়টি মন্ত্রীর নজরে এলে সিভিল সার্জনকে সভা ছেড়ে চলে যেতে বলেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।
সভায় উপস্থিত একাধিক ব্যক্তি জানান, মন্ত্রীর বক্তব্য চলাকালে সিভিল সার্জনের মোবাইল ফোনে পরপর চারবার কল আসে। প্রতিবারই তিনি সভা থেকে বাইরে গিয়ে ফোনে কথা বলেন। এতে সভায় উপস্থিত সবার মনোযোগ বিঘ্নিত হয়। বিষয়টি লক্ষ্য করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সিভিল সার্জনকে সভা থেকে চলে যেতে বলেন।
সিভিল সার্জন সভা থেকে বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রী আবার তাকে মোবাইল ফোন বন্ধ করে সভায় বসার নির্দেশ দেন। পরে সিভিল সার্জন মোবাইল ফোন বন্ধ করে সভায় বসেন।
সভায় উপস্থিত কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সভার শুরুতেও সিভিল সার্জনকে কিছু সময় ঘুমাতে দেখা যায়। এ নিয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স মো. মাহবুবুল আলমের বিভিন্ন সভায় ঘুমিয়ে পড়ার বিষয়টি নিয়ে এর আগেও আলোচনা-সমালোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
এ বিষয়ে সিভিল সার্জনের বক্তব্য মোবাইলে নিতে গেলে সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন তিনি।