বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২:৪৪

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মাইলস্টোন স্কুলের এক শিক্ষিকা নিহত

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মাইলস্টোন স্কুলের এক শিক্ষিকা নিহত

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর বনশ্রীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুলের এক শিক্ষিকা নিহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাসফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, রাতে পাঠাওয়ের মোটরসাইকেলে করে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন তাসফিয়া। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারী ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

এনাম আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেলে এসে আমার বোনের মরদেহ দেখতে পাই। এই ঘটনায় ঘাতক বাস ও এর চালক পুলিশ হেফাজতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।

নিহত তাসফিয়া আহমেদ তিশা মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনেরা। তার বাসা রাজধানীর খিলগাঁওয়ের ৫৮/সি, মেরাদিয়া নয়াপাড়া এলাকায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তাসফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে