বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২১:০৯

৬ জুনের মধ্যেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন, সেনাবাহিনী মাঠে থাকা নিয়ে যে সিদ্ধান্ত

৬ জুনের মধ্যেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন, সেনাবাহিনী মাঠে থাকা নিয়ে যে সিদ্ধান্ত

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনীকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে নিশ্চিত করা হবে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারও। এছাড়া, আগামী ৬ জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে ২৬ মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইসির এই সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে কর্মপরিকল্পনা জানিয়েছিলাম সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সংসদ নির্বাচনের মতোই আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনে করা হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনের ইউনিয়ন পরিষদের নির্বাচন ৬ জুনের আগে শেষ করার বিষয়ে বৈঠকে সবাই সম্মত হয়েছেন। আমরা প্রাথমিক যে তারিখ দিয়েছিলাম সেটি সম্ভাব্য সময় ছিল।

নভেম্বর থেকে নির্বাচন শুরু হচ্ছে কিনা-জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা চলবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা ফাঁকা সময় পাওয়া গেলেও তার পরপরই শুরু হবে পবিত্র রোজা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষাগুলো। এই আঁটসাঁট সময়সূচির মধ্যে কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করা যায়, তা নিয়ে কাজ করছে কমিশন।

তিনি বলেন, আজকের বৈঠক থেকে যে তথ্য-উপাত্ত পেয়েছি তা নিয়ে কমিশন সভায় আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে