শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩২:২৫

এবার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে পুলিশের নতুন নির্দেশনা

 এবার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে পুলিশের নতুন নির্দেশনা

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে ক্ষমতাসীন দল বিএনপি উদ্বেগ জানানোর পর নড়েচড়ে বসেছে পুলিশ। সংগঠনটির নেতাকর্মীরা দেশের কোথাও যেন তৎপরতা চালাতে না পারে, সেজন্য টহল ও নজরদারি বাড়ানোসহ নতুন করে মাঠপর্যায়ে বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাহিনীটি।

এরপরও যদি কোনো এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম লক্ষ্য করা যায়, সেটার দায়ভার ওই এলাকার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদেরই নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।

সেরকম ঘটনা যদি ঘটে, তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, বিবিসি বাংলাকে বলছিলেন পুলিশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা।

সেই ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এবং গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদকে ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

যদিও ডিএমপির আদেশে তাদের প্রত্যাহারের পেছনে প্রশাসনিক কারণের কথা উল্লেখ করা হয়েছে।

তবে গত ১১ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে ঢাকার গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর থেকেই সেখানকার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে দেখা যাচ্ছিল।

এমনকি ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ পর্যায় থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়।

তারা (আওয়ামী লীগ) মানুষ জড়ো করল এতগুলো, গোয়েন্দা সংস্থাগুলো জানে না? পুলিশ প্রশাসন, তারা কী করছে? ঘটনার পর বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মূলত এর পরেই পুলিশের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বন্ধে মাঠপর্যায়ে নতুন নির্দেশনা জারি করা হয়।

এদিকে, বৃহস্পতিবার ঢাকার ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকেও প্রত্যাহার করেছে ডিএমপি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে