শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৬:১০

সার্কুলার জারি, নতুন সুবিধা যোগ হচ্ছে বাংলা কিউআরে

সার্কুলার জারি, নতুন সুবিধা যোগ হচ্ছে বাংলা কিউআরে

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলা কিউআর ব্যবহার করে প্রথমবারের মতো এক সপ্তাহে হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন। গত ৬ থেকে ১২ সেপ্টেম্বর এক হাজার ৫৭ কোটি টাকা লেনদেন হয় এ ব্যবস্থায়। আগের সপ্তাহে এই মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ৯৫৯ কোটি টাকা। এবার বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন আরও জনপ্রিয় করতে এতে যোগ হতে যাচ্ছে নতুন আরও কিছু সুবিধা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও এমএফএস কোম্পানিকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন জনপ্রিয় ও গ্রাহকবান্ধব এবং মার্চেন্টদের পরিশোধ গ্রহণে উৎসাহিত করতে হবে। আর এজন্য আগামী ১ অক্টোবর থেকে যে কোনো অঙ্কের কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে দিতে হবে। সব প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপের হোম পেজের বৃদ্ধাঙ্গুলির নিকটস্থ স্থানে বাংলা কিউআর আইকন দৃশ্যমান করতে হবে।

এছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে স্ক্যানের পাশাপাশি বাংলা কিউআর ইমেজ আপলোডের মাধ্যমেও পেমেন্ট সম্পন্নের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কার্ড হিসাবধারী ছাড়াও সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারী যেন অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পরিশোধ সম্পন্ন করতে পারেন, সে ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নগদ ব্যবস্থাপনায় বর্তমানে বছরে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে। আবার অপরাধমূলক ও কর ফাঁকির সব লেনদেন হচ্ছে এ ব্যবস্থায়। এ রকম বাস্তবতায় চলতি বছরের ১ জুলাই থেকে কোডভিত্তিক সব লেনদেন বাংলা কিউআরে বাধ্যতামূলক করা হয়েছে। এতে দোকান বা যে কোনো মার্চেন্ট পয়েন্টে কোনো একটি ব্যাংক বা এমএফএসের কিউআর থাকলেই যে কোনো গ্রাহক সেখানে সেবার বিল পরিশোধ করতে পারছেন। এ কারণে এই ব্যবস্থায় লেনদেন দ্রুত বাড়ছে।

বাধ্যতামূলক হওয়ার প্রথম মাস জুলাইতে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে ৪০ কোটি টাকা লেনদেন ছিল। প্রতিনিয়ত লেনদেনের পরিমাণ বেড়ে গত সপ্তাহে হাজার কোটি টাকা ছাড়িয়েছে তা। আড়াই মাসের মধ্যেই দৈনিক লেনদেন ঠেকেছে ১৫১ কোটি টাকায়। নতুন নির্দেশনার ফলে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন আরও জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে