শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৫:৪৪

নতুন পে স্কেল: উচ্চতর গ্রেডে যাওয়ার নতুন নিয়ম চালু

নতুন পে স্কেল: উচ্চতর গ্রেডে যাওয়ার নতুন নিয়ম চালু

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য এক দারুন সুযোগ নিয়ে এসেছে সরকার। এখন থেকে কোনো পদে আট বছর টানা চাকরি করার পর পদোন্নতি না পেলেও স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে যাওয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে। এই প্রথম সুবিধাটি পাওয়ার পর একই পদে আরও ছয় বছর পার করলে দ্বিতীয়বারের মতো মিলবে উচ্চতর গ্রেড। তবে একটি পদে চাকরির পুরো সময়ে সর্বোচ্চ দুবার এ সুবিধা গ্রহণ করা যাবে।

সরকারি এই গেজেট অনুযায়ী, যেসব স্থায়ী কর্মচারী ১ জুলাই ২০২৬-এর আগে এক পদে আট বছর কাটিয়ে দিয়েছেন কিন্তু ১০ বছর পূর্ণ করতে পারেননি, তারাও চলতি বছরের ১ জুলাই থেকেই প্রথম উচ্চতর গ্রেডের আওতায় আসবেন। তবে এ জন্য কর্মচারীর চাকরির রেকর্ড ও সেবা সন্তোষজনক হওয়া আবশ্যক।

সংক্ষেপে বলতে গেলে, আট বছর পর প্রথমবার এবং তার পরবর্তী সপ্তম বছরে (ছয় বছর পূর্ণ হওয়ার পর) দ্বিতীয়বার এই উচ্চতর স্কেল পাওয়া যাবে। উল্লেখ্য, এই সুবিধাটি স্কেল ও বেতন বাড়ালেও তা কিন্তু পদোন্নতি হিসেবে গণ্য হবে না।

এ সুবিধা বেতনস্কেলের চতুর্থ গ্রেড পর্যন্ত প্রযোজ্য হবে। চতুর্থ গ্রেড বা তার ওপরে থাকা কর্মচারী এ সুবিধা নিয়ে তৃতীয় বা তার ওপরে গ্রেডে যেতে পারবেন না।

গেজেটে বলা হয়েছে, কোনো স্থায়ী কর্মচারী একই পদে উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা দুইবারের বেশি পাবেন না। আগের বেতনস্কেলগুলোর আওতায় একই পদে দুই বা ততোধিক সিলেকশন গ্রেড, টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে নতুন বেতনস্কেলের আওতায় ওই পদে আর উচ্চতর গ্রেড পাওয়া যাবে না।

তবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত একই পদে যদি কোনো কর্মচারী মাত্র একটি উচ্চতর স্কেল বা গ্রেড পেয়ে থাকেন, তাহলে পরবর্তী ছয় বছর পূর্তিতে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে।

পদোন্নতির কোনো বিধান নেই এমন ‘ব্লকড’ পদে কর্মরত কর্মচারীদের জন্য তৃতীয় উচ্চতর গ্রেডেরও সুযোগ রাখা হয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও আট বছর চাকরি পূর্ণ করতে হবে। এ সুবিধা একই পদে পুরো চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার পাওয়া যাবে।

১ জুলাইয়ের বেতন নির্ধারণ যেভাবে

নতুন বেতনস্কেলে কর্মচারীদের বেতন নির্ধারণের একটি উদাহরণও গেজেটে দেওয়া হয়েছে। ৩০ জুন ২০২৬ তারিখে কোনো কর্মচারীর বর্তমান স্কেলে মূল বেতন ১৩ হাজার ৭৯০ টাকা হলে, নতুন স্কেলের সংশ্লিষ্ট ধাপে তাঁর বেতন ২৬ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হবে।

গেজেটের ব্যাখ্যায় বলা হয়েছে, পুরোনো স্কেলের বর্তমান বেতন থেকে ওই স্কেলের প্রারম্ভিক বেতন বাদ দিলে পাওয়া পার্থক্য নতুন স্কেলের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ হবে। এরপর সেই অঙ্কের সমান ধাপ না থাকলে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করা হবে।

১ জুলাই ২০২৬ তারিখে পদোন্নতি পাওয়া কর্মচারীর বেতন প্রথমে নিম্নপদে নির্ধারণ করে পরে পদোন্নতিপ্রাপ্ত পদের বিধি অনুযায়ী নির্ধারণ করতে হবে। প্রেষণে থাকা কর্মচারীর ক্ষেত্রে মূল প্রতিষ্ঠানে থাকলে যে বেতন পেতেন, তার ভিত্তিতে নতুন বেতন নির্ধারণ হবে।

ছুটিতে থাকা কর্মচারীদের বেতনও নির্দিষ্ট নিয়মে নতুন স্কেলে নির্ধারণ করা হবে। তবে ছুটির সময় নতুন বেতনস্কেলের কারণে যে আর্থিক সুবিধা সৃষ্টি হবে, তা ছুটিকালীন সময়ের জন্য প্রাপ্য হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে