রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩:৪৮

ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নটর ডেমে ক্লাস বন্ধ ঘোষণা

ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নটর ডেমে ক্লাস বন্ধ ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রাজধানীর নটর ডেম কলেজে আজ সব ধরনের ক্লাস স্থগিত করেছে কর্তৃপক্ষ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিওর সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, প্রতিকূল পরিস্থিতির কারণে (রাস্তায় ও কলেজ প্রাঙ্গণে জলাবদ্ধতা) আজকের (২০ সেপ্টেম্বর ২০২৬) এইচএসসি দ্বিতীয় বর্ষের ও ডিগ্রির সব তাত্ত্বিক ক্লাস বন্ধ থাকবে।

ঢাকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো কম, কখনো ঝরছে অঝোরে। ঢাকাবাসীর ঘুমও ভেঙেছে আজ বৃষ্টির শব্দে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার পর থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা। তবে ঠিক কত মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, তা এখনো জানা যায়নি। 

এদিকে, বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমেছে। পুরানা পল্টন, খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে, মালিবাগ রেলগেট বাজারের সামনে, মৌচাক মোড়ে, মগবাজার সেঞ্চুরি মোড়ে, দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া, পশ্চিম শ্যাওড়াপাড়া বর্ডার বাজারসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এসব রাস্তায় কোথাও হাঁটু পানি। পানি মাড়িয়ে স্কুল, কলেজ ও কর্মস্থলে যেতে দেখা গেছে মানুষকে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে। এই লঘুচাপ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। তবে এটি ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে আঘাত হানতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে