রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১:৩০

কেজিতে প্রায় ১৫ টাকা পর্যন্ত কমেছে সবজির দাম

কেজিতে প্রায় ১৫ টাকা পর্যন্ত কমেছে সবজির দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি সপ্তাহে খুলনার বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। সব ধরনের সবজির দাম কেজিতে প্রায় ১০-১৫ টাকা পর্যন্ত কমেছে। তবে মাছের বাজার এবং মাংসের বাজারে দাম রয়েছে আগের মতো।

রোববার (২০ সেপ্টেম্বর) খুলনা মহানগরীর গল্লামারি বাজার, খোড়া বস্তি বাজার এবং নিউ মার্কেট বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ৮০-১০০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, ধুন্দল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, লাউ ২০ থেকে ৩০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পাকা মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৮০ টাকা এবং কচুর লতি ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

যা গত সপ্তাহেও কেজিপ্রতি ১৫-২০ টাকা কেজি দাম বেশী ছিলো। অন্যদিকে, পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং রসুন ১০০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কাঁচকলা ২০০-৩০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই-কাতল আকার ও মানভেদে ৩৫০ থেকে ৬৫০ টাকা, গুঁড়ো মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং পাঙাশ ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আর চাষের কই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি।

এছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, শোল ৬০০-৭০০ টাকা, আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গলদা আর বাগদা চিংড়ির দাম ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি।

মাংসের বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ৫-১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। কক মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৭০ থেকে ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম ১৩০ থেকে ১৫০ টাকা। আর গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায়।

গল্লামারি বাজারের মাছ বিক্রেতা আব্দুল সামাদ বলেন, মাছের ফিডের দাম অনেক বেড়েছে। এজন্য ঘেরের মাছের দাম অনেক বেড়েছে। আর পরিবহন খরচ অনেক বেড়েছে। সব মিলিয়ে মাছের বাজার এখন চড়া। এজন্য অনেক ক্রেতা মনে করেন বিক্রেতারা দাম বেশি রাখে। কিন্তু আমরা সামান্য লাভে মাছ বিক্রি করি।

খোড়া বস্তির সবজি বিক্রেতা সালমা বেগম বলেন, কয়েকদিন ধরে বৃষ্টি কমেছে। এজন্য সবজির আমদানি বেড়েছে। এ কারণে অনেক বসজির দাম কমেছে। গত সপ্তাহের তুলনায় লাউয়ের দাম কমেছে ২০ টাকা আর কুমড়ার দাম কমেছে কেজিতে ১৫-২০ টাকা। তবে লেবুর দাম হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতা আশিক আহমেদ বলেন, সবজির দাম অনেকটা কমেছে। কিন্তু মাছের দাম অনেক বেড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে মাছের দাম তুলনামূলক অনেক বেশি। মাছের দাম একটু কমলে ভালো হয়। মাছের সরবরাহ ঠিক থাকলেও শহরের বাজারে দাম অনেক বেশি বলে তিনি জানান।

বাজারে আসা অন্য একজন ক্রেতা মোতালেব হোসেন বলেন, চাকরির হিসাব করা টাকা নিয়ে বাজারে আসা মুশকিল। এক কেজি পাবদা মাছ ৩৫০ টাকার নিচে নেই। এক কেজি গলদা গত বছরে ৬০০-৭০০ টাকায় কিনেছি। এখন তা ১০০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর সবজির বাজারে চলে উত্থান পতন। কখনো দাম বেশি আবার কখনো দাম কম। এজন্য নিয়মিত বাজার মনিটরিং করা প্রয়োজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে