সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩:৪১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, ছাত্রদল নেতাকে শোকজ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, ছাত্রদল নেতাকে শোকজ

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন সাজ্জাদ হোসাইন হৃদয়। এরপর তাঁর ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনার জন্ম দেয়।

জ্বালানি তেলের দাম বাড়ানোর খবর প্রকাশের পর ফেসবুকে সাজ্জাদ লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’

এরপর তাঁকে শোকজ নোটিশ পাঠায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। নোটিশে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

নোটিশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে সাজ্জাদকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এ নোটিশ দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে