বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৪:৪৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির নির্দেশ

বাসস : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে গত ২১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে।

এ-সংক্রান্ত নির্দেশাবলির আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশাবলির দুই পৃষ্ঠার একটি সংযুক্তি রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মীর আব্দুল আউয়াল আল মেহেদী চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিটি তিন পার্বত্য জেলা বাদে দেশের সব জেলার জেলা প্রশাসক এবং সব জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর ১৬৯৯-এর মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৫০৩, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর সূত্র উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে