সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৭:২৭

বর্তমানে এ দেশের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ, অস্ত্র নয় : ফয়জুল করীম

বর্তমানে এ দেশের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ, অস্ত্র নয় : ফয়জুল করীম

এমটিনিউজ২৪ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘বর্তমানে এ দেশের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ, অস্ত্র নয়। ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না তাই তারা ক্ষমতায় থাকতে পারেনি। পাকিস্তানের কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না তাই তারাও ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনার কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না তাই তিনিও ক্ষমতায় থাকতে পারেননি।’

তিনি বলেন, জনশক্তি বৃদ্ধির জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের ত্রিশাল নজরুল অডিটোরিয়াম হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘গত নির্বাচনে ইসলামী আন্দোলন ঘোষণা দিয়েছিল ইসলামের পক্ষে একটি বাক্স। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের লক্ষ্যে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা কিছু করে, সবকিছুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে।’

তিনি আরও বলেন, ‘ইসলামের নামে যারা অনৈসলামিক কার্যক্রম পরিচালনা করছে, আজ হোক বা কাল দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে, এতে কোনো সন্দেহ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দাওয়াতি কাজ করতে হলে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। যারা দ্বীনের কাজ করবেন, তাদের প্রত্যেকের দরজায় যেতে হবে। তাহলেই জনগণের প্রত্যাশা পূরণে শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলন ও নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, জামিয়া সাওতুল হেরা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি এইচ. এম. হুজাইফা, দক্ষিণ জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম রসুলপুরীসহ অনেকে।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।