রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ০৯:৪৬:৫৬

তরুণীর যে আক্ষেপ চাকরি পাওয়ার পর!

তরুণীর যে আক্ষেপ চাকরি পাওয়ার পর!

এমটিনিউজ২৪ ডেস্ক : চাকরি জীবন মানুষের দৈনন্দিন রুটিনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। একসময় যে বিষয়গুলো একদম সাধারণ বা স্বাভাবিক মনে হতো, কর্মজীবনে প্রবেশের পর হঠাৎ করেই সেগুলোর জন্য সময় বের করা কঠিন হয়ে দাঁড়ায়। সম্প্রতি ফুলটাইম চাকরি পাওয়ার পর নিজের জীবনে আসা এমনই কিছু পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন এক তরুণী।

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে কুলজৎ কৌর নামের ওই নারী জানান, বেকার থাকার সময় তার কাছে যা ছিল একেবারে সাধারণ রুটিন, চাকরি পাওয়ার পর সেগুলোই যেন এখন একেকটি ‘বিলাসিতা’ হয়ে দাঁড়িয়েছে।

‘চলুন, সোনালী সেই দিনগুলো নিয়ে কথা বলা যাক’—এমন ক্যাপশন দিয়েই ভিডিওটি পোস্ট করেন তিনি।

ভিডিওর শুরুতে কুলজৎ বলেন, দুপুরের ঘুম যে মানুষের জীবনে এত বড় সৌভাগ্যের বিষয় হতে পারে, তা তিনি চাকরি না পাওয়া পর্যন্ত বোঝেননি। এখন তার দৈনন্দিন জীবন থেকে দুপুরের ঘুম পুরোপুরি হারিয়ে গেছে। কাজ শুরু করার পরই তিনি বুঝতে পেরেছেন যে দুপুরের ঘুম আসলে কতটা দামি।

নিজের সামাজিক জীবন ও বন্ধুত্বের পরিমণ্ডলে আসা পরিবর্তনের কথাও উল্লেখ করেন তিনি। কুলজৎ জানান, আগে কর্মদিবসেও বন্ধুদের সঙ্গে দেখা হতো তার, অথচ এখন ছুটির দিনেও বন্ধুদের সময় দেওয়া সম্ভব হয় না। আগে যেখানে সপ্তাহের কর্মদিবসেই শপিংয়ে চলে যেতেন, এখন ছুটির দিনগুলোতে বিছানা থেকেই উঠতে ইচ্ছে করে না।
কাজের চাপে বদলে গেছে তার সন্ধ্যার রুটিনও। তিনি বলেন, আগে বিকাল ৫টার পরও তার একটি প্রাণবন্ত জীবন ছিল, কিন্তু এখন কাজের শেষে তিনি কেবল চরম ক্লান্তি অনুভব করেন।

সিনেমাস দেখার অভ্যাসেও বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানান কুলজৎ। আগে এক বসায় আস্ত একটা সিনেমা শেষ করে ফেলা গেলেও এখন আর তা সম্ভব হয় না। ছোট ছোট অংশে ভাগ করে সিনেমা দেখতে হয় তাকে।

তিনি ব্যাখ্যা করেন, পরের দিন আবার কাজে যেতে হবে বলে আজকের দিনে সামান্য একটু সিনেমা দেখে বাকি অংশ পরের দিনের জন্য রেখে দিতে হয়। রসিকতা করে তিনি বলেন, একটু একটু করে সিনেমা দেখার এই অভ্যাসের কারণে তিনি আস্ত সিনেমাকেই যেন এক একটা ওয়েব সিরিজে রূপান্তর করে ফেলেছেন!

সবশেষে কুলজৎ জানান, তার পছন্দের শখগুলোও এখন তালিকার অনেক পেছনে চলে গেছে। আগে শখের কাজগুলোর জন্য আলাদা করে সময় বের করতে হতো না, কারণ পর্যাপ্ত সময় হাতে ছিল। অথচ এখন শখগুলোর চর্চাই আর হয়ে ওঠে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।