বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ০৯:১৬:০২

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্র ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে বলা হয়েছে।

এদিকে, বন্ধের ঘোষণায় সাজেকে অবস্থানরত পর্যটকদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। পাশাপাশি রিসোর্ট, কটেজ, পরিবহন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও অনিশ্চয়তার মুখে পড়েছে।

উল্লেখ্য, সাজেক ভ্যালি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই সেখানে পর্যটকদের সমাগম ঘটে। নিরাপত্তাজনিত কারণে ফের বন্ধের ঘোষণায় পর্যটক ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।