শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:১৬:০৫

বিএনপি-জামায়াত সংঘর্ষ

বিএনপি-জামায়াত সংঘর্ষ

এমটিনিউজ ডেস্ক : বড়লেখার শাহবাজপুরে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত একটি ‘ফ্রি চক্ষু সেবা’ ক্যাম্প নিয়ে যুবদল নেতার ফেসবুক পোস্টের জেরে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার সকালে এ ঘটনায় বড়লেখা থানায় মামলা হয়েছে।

হামলায় গুরুতর আহত হয়েছেন- উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী। আহত ছাত্রদল নেতা আব্দুল্লাহকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার ঘটনায় শুক্রবার সকালে ১৩ জনের নাম উল্লেখ ও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন আহত উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন।

জানা গেছে, উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত ‘ফ্রি চিকিৎসা ক্যাম্প’-এ সেবা না পাওয়ার অভিযোগ তুলে ফেসবুকে একটি পোস্ট করেন। ফেসবুকের ওই মন্তব্যকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তেজনা দেখা দেয়।

স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে শাহবাজপুর বাজারে পৌঁছার পর দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত ১১টার দিকে উত্তেজনা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আহত হন বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। যুবদল নেতা চক্ষুসেবা ক্যাম্প নিয়ে ফেসবুকে যে পোস্ট করেন তা সঠিক নয়। ফ্রি চক্ষু শিবিরে তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সময় শেষ হয়ে যাওয়ায় মাত্র একজন লোক ফিরে যান। বৃহস্পতিবার রাতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা, কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমাদেরও কয়েকজন সমর্থক আহত হয়েছেন।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, এ ঘটনায় শুক্রবার সকালে উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন ১৩ জনের নাম উল্লেখ ও আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।