শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ০১:১৫:৩২

সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে

 সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে

এমটিনিউজ ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলের তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশ নিয়েও ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। এর মধ্যে শুধু ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়েই অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী।

ফল বিশ্লেষণে দেখা যায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাশ করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

তাদের মধ্যে ইংরেজি বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।

এদিকে, এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর চেয়ে কম পাশের হার সর্বশেষ ছিল ২০০৪ সালে। ওই বছর এইচএসসিতে পাশ করেছিলেন ৪৭ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী। এরপর এইচএসসিতে পাশের হার আর কখনো এর চেয়ে নিচে নামেনি। সেই হিসাবে গত ২১ বছরের মধ্যে এবারই পাশের হার সবচেয়ে কম।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারা দেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানেই ফলের এ সারসংক্ষেপ তুলে ধরা হয়।

ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, যে শিক্ষার্থী যে কয়টি বিষয়ে ফেল করেছে, তাদের ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।