রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪৩:২৯

একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল

একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল

এমটিনিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি টিএসসিতে গিয়ে শেষ হয়। এ সময় ‘লীগ ধর, জেলে ভর’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ এবং ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিলে নেতৃত্ব দেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন। মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।

মিছিল শেষে টিএসসিতে সংক্ষিপ্ত বক্তব্যে নাছির উদ্দিন শাওন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রত্যেকটি ক্যাম্পাসের নিরাপত্তা, শিক্ষার পরিবেশ ও স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।’

তিনি আরও বলেন, ‘কোনো অপশক্তিকে দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা সজাগ রয়েছি। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন।’

এর আগে রোববার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয়টি স্থানে কয়েক মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই স্থান থেকে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।