এমটিনিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের পেছনে দুটি কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, দেশে ফেরার প্রক্রিয়া দেখানোর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করতেও এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারেন শেখ হাসিনা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দলের এ পর্যবেক্ষণ তুলে ধরেন।
তিনি বলেন, ‘পাসপোর্ট চাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা নতুন অবস্থানের পেছনে কৌশল অবলম্বন করে থাকতে পারেন তিনি। জনগণকে বিভ্রান্ত করছেন।’
শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের প্রসঙ্গ টেনে জুবায়ের বলেন, ‘এবং তিনি যেহেতু বলেছেন ‘আমি আসব’; তার একটা প্রসেস তিনি দেখাচ্ছেন যে, ‘আমি এখন পাসপোর্টের জন্য, আমার এনআইডির জন্য চাচ্ছি; আমি খুব লয়াল একজন মানুষ বাংলাদেশের।’’
জামায়াতের এই নেতা বলেন, দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দিতেও শেখ হাসিনা এমন পদক্ষেপ নিতে পারেন। তার ভাষ্য, ‘তার দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়া যে, ‘আমি যে আসছি তার একটা প্রসেস আমি তোমাদের দেখাচ্ছি।’’
শেখ হাসিনার অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে জুবায়ের আরও বলেন, ‘শেখ হাসিনা তার রাজনীতিতে এবং তার অতীতের কর্মকাণ্ডে এ ধরনের কাজ তিনি করেছেন, যেগুলো জনগণের কাছে হাস্যকর ছিল। এবং এমন কিছু কাজ করেছেন, যেটি এই দায়িত্বে থেকে সাধারণত মেলে না, কিন্তু তার চরিত্রের সঙ্গে এগুলো মিলে যায়। তিনি এই ধরনের ফ্রড কাজ করতে পারেন, ফাউল কাজ করতে পারেন এবং মানুষকে অস্থির করার জন্য তিনি এই ধরনের কর্মকাণ্ড, কর্মসূচি তিনি নিতে পারেন। যেহেতু তিনি নেতাকর্মীদের ফেলে গেছেন, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য।’
পাসপোর্ট আবেদনের পেছনে দ্বিতীয় কারণ হিসেবে দলীয় পদ-পদবি ধরে রাখার বিষয়টি উল্লেখ করেন জামায়াতের এই মুখপাত্র। তিনি বলেন, ‘আরেকটা কারণ আছে, পদ-পদবি যাতে ঠিকমতো থাকে, এটাও একটা কারণ। তিনি আসবেন না বললে তো স্বাভাবিকভাবে ছিন্ন কাউকে চেয়ার করতে হবে। দলীয় নেতা বানাতে হবে। ‘আমি আছি, আসছি’ এজন্য তিনি এটা বলছেন।’
এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। আইনজীবীর মাধ্যমে হাইকমিশনে চিঠি পাঠিয়ে তিনি এ আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রয়টার্স জানায়, আবেদনসংক্রান্ত চিঠি দেখার সুযোগ পেয়েছে তারা।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ওই সময়ের পর তার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর প্রথমবারের মতো সামনে আসে।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। পরে জামায়াতের পক্ষ থেকেও এ বিষয়ে বক্তব্য দেওয়া হয়।