এমটিনিউজ ডেস্ক : ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ভুল’ বলে অভিহিত করেছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা প্রকারান্তরে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথ আরও সহজ করে দিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ড. আসিফ নজরুল।
‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এজন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
তিনি লেখেন, ‘পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে-এই অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’
ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীরা এ-সংক্রান্ত চিঠি পাঠান। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
এদিকে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা আমার জানা নেই। বন্দি বিনিমিয় চুক্তির মাধ্যমে তার প্রত্যার্পণ চায় বাংলাদেশ। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কিনা, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমিও শুনেছি, টেলিভিশন স্ক্রলে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আবেদনটির আইনগত ভিত্তি আছে কিনা, যথাযথভাবে করা হয়েছে কিনা এবং আবেদন করার অধিকার আছে কিনা, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।
ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এ মুহূর্তে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, তাকে যাতে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন।