বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:০৯:৩৮

মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার

মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার

এমটিনিউজ ডেস্ক : কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনার পর মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। গভীর রাতে স্বরাষ্ট্র, আইন ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ফোন করেও কাউকে পাননি বলে জাতীয় সংসদে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে দ্বিতীয় দফায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে এসব কথা বলেন কায়সার কামাল।

ডেপুটি স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও যখন কোনো ঘটনা ঘটে, তখন বিষয়টি অত্যন্ত উদ্বেগের। তিনি জানান, মধ্যরাত দুইটার দিকে যখন ঘটনাটি ঘটে, তখন তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিলেও তাকে পাননি। এরপর আইনমন্ত্রীকে কল দেওয়া হয়, তাকেও পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাত দুইটার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেওয়া হলেও তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, আমাদের সবার প্রচেষ্টায় বিষয়টি সামনে এসেছে এবং যে কারণে আজকে কথা বলার সুযোগ পেয়েছেন, তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন যে এ বিষয়ে একটি তদন্ত (ইনভেস্টিগেশন) চলছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, আমরা তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।