শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৯:৪৫

পোশাক শ্রমিকদের জন্য এক বড় সুখবর, এবার যে উদ্যোগ নিল সরকার

 পোশাক শ্রমিকদের জন্য এক বড় সুখবর, এবার যে উদ্যোগ নিল সরকার

এমটিনিউজ ডেস্ক : তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন ৩০ টাকা কেজি দরে। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কার্যক্রম চালুর পরিকল্পনা করা হয়েছে।

কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত বাজেট বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। অর্থ বিভাগের অনুমোদন ও বরাদ্দ পাওয়া সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

যেভাবে চাল পাবেন শ্রমিকরা

অর্থ মন্ত্রণালয়ে পাঠানো খাদ্য মন্ত্রণালয়ের বুধবারের চিঠিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বরাবর পাঠানো চিঠিতে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন।

চিঠিতে বলা হয়েছে, শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া এবং ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে ভর্তুকি মূল্যে চাল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম হবে ৩০ টাকা। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

পোশাকশ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার ৭৫টি খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বিক্রির পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে তিন মাস এ কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রয়োজন হবে সাড়ে চার হাজার টন চাল

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বিশেষ ওএমএস কার্যক্রমের জন্য অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চালের সংস্থান রাখার কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের মতে, সরকারি খাদ্যশস্যের বিদ্যমান মজুত ব্যবহার করেই এ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব। চাল সরবরাহ, ট্রাকে বিক্রি ও পরিবহণসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনার বিষয়ও প্রস্তাবে তুলে ধরা হয়েছে।

এখন অর্থ বিভাগের অনুমোদন ও বাজেট বরাদ্দের ওপর নির্ভর করছে কর্মসূচি শুরুর বিষয়টি।

তিন মাসের বদলে দীর্ঘমেয়াদি করার পরামর্শ

অর্থনীতিবিদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ যুগান্তরকে বলেন, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির এ সময়ে শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর উদ্যোগ ইতিবাচক। তবে তিন মাসের পরিবর্তে কর্মসূচিটি অব্যাহত রাখলে শ্রমিকরা বেশি উপকৃত হবেন।

তিনি বলেন, তিন মাস পর ৩০ টাকা কেজি দরে চাল পাওয়ার সুবিধা বন্ধ হলে শ্রমিকদের মধ্যে আবার সংকট তৈরি হতে পারে। এ পরিস্থিতি এড়াতে বেতনের সঙ্গে সমন্বয় করে খাদ্য সহায়তার সুবিধা স্থায়ীভাবে বহাল রাখা গেলে সবচেয়ে ভালো হবে।

আবু আহমেদের মতে, শ্রমিকদের নতুন মজুরি দ্রুত নির্ধারণ করাও জরুরি। নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুত নতুন মজুরি নির্ধারণ করা গেলে শ্রমিক অসন্তোষ ও সামগ্রিক সংকট অনেকাংশে কমতে পারে।

বাজেটে বাড়বে খাদ্য ভর্তুকি

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে ভর্তুকি মূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে খাদ্য ভর্তুকি বাড়বে। এতে বাজেটের ওপর অতিরিক্ত চাপ তৈরি হলেও শ্রমিকদের বিষয়ে সরকার আন্তরিক।

ওই কর্মকর্তা আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলগুলোতে একাধিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। এবার খাদ্যে ভর্তুকি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শ্রমিকদের কল্যাণে সরকার পাশাপাশি মালিকপক্ষেরও আরও আন্তরিক হওয়া প্রয়োজন।

নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়াও চলছে

শ্রমিক অসন্তোষের মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১ নভেম্বর সরকার অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরে। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।