এমটিনিউজ ডেস্ক : জমি কেনার আগে শুধু বিক্রেতার দেওয়া দলিল দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। দলিলের তথ্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসের মূল রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এ ক্ষেত্রে নিচের কয়েকটি বিষয় পরীক্ষা করুন।
ভলিউম ও রেজিস্ট্রি নম্বর: দলিলের সাল, ভলিউম নম্বর ও রেজিস্ট্রি নম্বর সাব-রেজিস্ট্রি অফিসের মূল রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখুন। প্রয়োজনে লিখিত আবেদন করে তথ্য যাচাই করুন।
সরকারি সিল ও স্বাক্ষর: দলিলের সরকারি সিল, সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও অন্যান্য আনুষ্ঠানিক তথ্য পরীক্ষা করুন। অস্বাভাবিকতা থাকলে সতর্ক হোন।
স্ট্যাম্পের সিরিয়াল: দলিলে ব্যবহৃত স্ট্যাম্পের উৎস ও সিরিয়াল নম্বর যাচাই করুন।
দলিল লেখকের পরিচয়: দলিলটি কে তৈরি করেছেন, তার পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য জানুন।
তারিখ ও দখলের মিল: দলিলের তারিখের সঙ্গে জমি বুঝিয়ে দেওয়ার সময় ও বাস্তব ঘটনার মিল আছে কি না, তা যাচাই করুন।
পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামার মাধ্যমে জমি বিক্রি করা হলে সেটিও বিশেষভাবে পরীক্ষা করতে হবে। দলিলে ক্রেতা-বিক্রেতার ছবি, পরিচয় ও ক্ষমতা দেওয়ার বিষয়টি যাচাই করুন। আমমোক্তারনামাটি বৈধ, কার্যকর ও বাতিল হয়নি কি না, সংশ্লিষ্ট রেকর্ড থেকে নিশ্চিত হন।