এমটিনিউজ ডেস্ক : নামজারির আবেদন করতে ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ধাপে ধাপে প্রক্রিয়াটি হলো:
প্রথমে https://mutation.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখানে অনলাইনে আবেদন ও আবেদন ট্র্যাকিংয়ের অপশন পাবেন।
‘নতুন আবেদন করতে ক্লিক করুন’ অপশনে ক্লিক করলে লগ ইন পেজ আসবে। সেখানে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে আগে থেকে নিবন্ধন করা না থাকলে রেজিস্ট্রার লেখা অংশে ক্লিক করে ইংরেজিতে নাম, মোবাইল নম্বর লিখে ক্যাপচা পূরণ করতে হবে।
এরপর মিউটেশন অপশনে ক্লিক করুন। সেখানে আপনি আবেদনের ধাপ ও প্রয়োজনীয় ফি পরিশোধের তথ্য পাবেন।
ওই পেজের নিচে নতুন আবেদন করুন অপশনে ক্লিক করুন। এরপর আপনি যে উপজেলায় নামজারির আবেদন করতে চাচ্ছেন তা নির্বাচন করুন।
আপনাকে নামজারি/মিউটেশন আবেদনের কোর্ট ফি ট্র্যাকিং নম্বর দেওয়া হবে। এবার আপনাকে ইন্টারনেট ব্যাংকিংয়ে ২০ টাকা কোর্ট ফি দিতে হবে। কোর্ট ফি দেওয়ার জন্য ইন্টারনেট ব্যাংকিংয়ের যেকোনো একটি অপশন সিলেক্ট করে ‘অগ্রসর হউন’ বাটনে ক্লিক করতে হবে।
এরপর বিভাগ, জেলা, উপজেলা, মৌজা ও জেএল নম্বর নির্বাচন করুন।
জমির খতিয়ানের ধরন, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও জমির পরিমাণ উল্লেখ করুন। কোন জরিপের খতিয়ান নির্বাচন করতে হবে, তা সংশ্লিষ্ট এলাকার সর্বশেষ জরিপের তথ্য অনুযায়ী ঠিক করতে হবে।
জমিটি ক্রয়সূত্রে, উত্তরাধিকার, হেবা, দান কিংবা আদালতের রায়ের মাধ্যমে পেয়েছেন সঠিক তথ্য নির্বাচন করুন। জমি পাওয়ার প্রকৃত কারণ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
দলিল, খতিয়ান, জাতীয় পরিচয়পত্র, ভূমি উন্নয়ন করের দাখিলা এবং মালিকানা অর্জনের সূত্র অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন।
আবেদন ফরম পূরণ শেষে নোটিশ জারি ফি ৫০ টাকা অনলাইনে পরিশোধ করুন। পরিশোধের পর আবেদন জমা দিন। আবেদন জমা হলে একটি নম্বর বা রসিদ পাবেন। সেটি সংরক্ষণ করুন।
আবেদন জমা হওয়ার পর সংশ্লিষ্ট ভূমি অফিস তথ্য যাচাই করবে। প্রয়োজনে ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন, সার্ভেয়ার বা কানুনগোর মতামত এবং শুনানির প্রয়োজন হতে পারে। শুনানির তারিখ ও প্রয়োজনীয় নির্দেশনা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) আবেদন মঞ্জুর করলে নামজারি খতিয়ান প্রস্তুত হবে।
এরপর ১ হাজার ১০০ টাকা ডিসিআর (DCR) ফি পরিশোধ করতে হবে।
ডিসিআর ফি পরিশোধ করার পর সিস্টেম জেনারেটেড খতিয়ান, ডিসিআর ও হস্তান্তর বৃত্তান্ত ডাউনলোড করে নিতে পারবেন। একটি আবেদনে সাধারণত একটি মৌজার জমি অন্তর্ভুক্ত করা যায়। একাধিক মৌজায় জমি থাকলে পৃথক আবেদন করতে হবে। আবেদন করার আগে মৌজার নাম ও জেএল নম্বর নিশ্চিত করে নেওয়া ভালো।