শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ০২:৪৯:৫৮

'শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন'

'শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন'

এমটিনিউজ ডেস্ক : পলাতক শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, এখন বাকি সিদ্ধান্ত ভারতের বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার প্রত্যর্পণ ও আইনি ব্যাখ্যার বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয় আমরা করে রেখেছি, এখন তারা (ভারত) কী করবে সেটা তাদের বিষয়।

তিনি বলেন, শেখ হাসিনাকে চুক্তির আওতায় যখন প্রত্যর্পণ করা হবে, সেটাও একটা আইনি প্রক্রিয়া। এই ধরনের মামলায় আপিল করার আইনগত কোনো সুযোগ নাই। কারণ বিশেষ আইনে আপিল করার কোনো সুযোগ রাখেনি। উনারাই সে আইন করে গেছেন।

আসাদুজ্জামান বলেন, আমাদের একটা সংবিধান রয়েছে, সেই সংবিধানে ১৯৭৩ সালে উনার (শেখ হাসিনা) বাবা যে আইন সংশোধনী এনে গেছেন। ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে—মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না। এটা ওনাদের করা।

তদন্ত সংস্থা ও প্রসিকিউশন চব্বিশের গণ-অভ্যুথানে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে যা যা সহযোগিতা লাগে সরকার করবে। তবে, আওয়ামী লীগের বিচারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।