শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৩:২৫

ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমটিনিউজ ডেস্ক : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম ওরফে টমের (৫৫) বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা করেছেন মো. ইদ্রিস আলী (৬৭) নামে এক ব্যক্তি।

শনিবার (১৪ নভেম্বর) মো. ইদ্রিস আলী বাদী হয়ে মো. আব্দুল হালিমসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা (মামলা নং-৬৪) করেন।

থানায় করা এজাহার সূত্রে জানা গেছে, আব্দুল হালিম টম মাস্টারের আপন ভাই মাহফুজুর রহমান ও মনজু মাস্টার প্রায় ৫ বছর আগে দলিল মূলে ৪ কাঠা জমি ইদ্রিস আলীর কাছে বিক্রয় করেন। মনজু মাস্টার জীবিত থাকাকালীন ইদ্রিস আলীকে ওই জমির দখল বুঝিয়ে দিলে তিনি সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। কিন্তু অভিযুক্ত আব্দুল হালিম ওরফে টম তার লোকজন দিয়ে ওই জমি দখলের পাঁয়তারা করতে থাকে এবং বিভিন্ন সময় উচ্ছেদের হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায়, ২০২৫ সালে ১৩ সেপ্টেম্বর সকাল অনুমান ৮টার দিকে আব্দুল হালিমের নির্দেশে অজ্ঞাতনামা ৮-১০ জন লাঠি, লোহার রড, হাতুড়ি, হাসুয়া, রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইদ্রিস আলীর বাড়িতে অনধিকার প্রবেশ করে। এজাহারে বলা হয়েছে, আব্দুল হালিমের হুকুমে হামলাকারীরা বসতবাড়ির দরজা-জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় ইদ্রিস আলী ও তার স্ত্রী মোছা. মিনা খাতুন (৫৫) বাধা দিলে আসামিরা তাদেরকে এলোপাতাড়ি লাঠিপেটা করে শরীরের বিভিন্ন স্থানে কালশিরা জখম করে। যাওয়ার সময় হামলাকারীরা বাড়ি থেকে ৩টি খাট ও ১০ মণ পাট (যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা) জোরপূর্বক লুট করে নিয়ে যায় এবং জমি নিয়ে বাড়াবাড়ি করলে সপরিবারে খুন-গুমের হুমকি দেয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, এ ঘটনার পর স্থানীয়দের কাছে বিচার চাওয়ায় উল্টো আব্দুল হালিম বাদী হয়ে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর দৌলতপুর থানায় ইদ্রিস আলীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা (নং-১৬) দায়ের করে তাকে জেলে পাঠায়। জামিনে এসে ইদ্রিস আলী দেখতে পান, অভিযুক্ত আব্দুল হালিম ও তার মেয়ে নুসরাত তাবাসসুম জ্যোতি পেশি শক্তির জোরে অবৈধভাবে তার ওই জমি দখল করে নিয়েছেন। বর্তমানে জমিটি নিজেদের দাবি করে অভিযুক্তরা এলাকায় প্রচার চালাচ্ছে এবং বাড়াবাড়ি করলে অস্ত্র মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগে ইদ্রিস আলী ও তার পরিবার এলাকা ছেড়ে মশাউড়া গ্রামে তার শ্বশুর কাবি মালিথার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

আসামিদের পেশিশক্তির ভয় এবং দেশের অস্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।

এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং ১৮৬০ সালের প্যানেল কোডের বিভিন্ন ধারায় মামলাটি রেকর্ড করেছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছে এবং বর্তমানে তা তদন্ত অবস্থায় আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।