এমটিনিউজ ডেস্ক : ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা) আন্দোলন চলছিল।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকালে ভোগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ ৫টি কারখানায় ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা সড়ক অবরোধ করেন। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিচ্ছেন।