মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ০১:৫২:৩০

৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

এমটিনিউজ ডেস্ক : ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। শ্রমিক অসন্তোষের জেরে ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন করে আরও পাঁচটি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক মামুন হোসাইন।

সকাল সাড়ে ৮টা থেকে মহানগরীর নাওজোর, চান্দনা চৌরাস্তা, ছয়দানা কলম্বিয়া, ভোগড়া বাইপাস, গাজীপুরা ও গাছাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে দুই সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন। সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে রাজপথে নামেন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাওজোর এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ছয়দানা কলম্বিয়া এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে ভোগড়া বাইপাস, গাজীপুরা, গাছা ও আশপাশের এলাকায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় কয়েকটি স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এদিকে ভোগড়া বাইপাস এলাকায় আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হন দৈনিক কালবেলার রিপোর্টার মামুন হোসাইন। এতে তার বাম পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।

শ্রমিক অসন্তোষের কারণে সোমবার থেকে কোনাবাড়ি, মৌচাক ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার নতুন করে আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারখানা থেকে শ্রমিকেরা দলবদ্ধভাবে বেরিয়ে আসার সময় বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।