এমটিনিউজ ডেস্ক : নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের গুঞ্জন মিথ্যা ও অপপ্রচার বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেল।
সম্প্রতি তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া পদত্যাগের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায় দল। এমপি বরকত উল্লাহ বুলু বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ডে আছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানিয়েছেন, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন।
চিকিৎসকদের পরামর্শে বুধবার সকালে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, সাবেক শিক্ষামন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান ডক্টর উসমান ফারুক এমপির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে শাইরুল কবির খান জানিয়েছেন, তিনি এবং তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন।