এমটিনিউজ ডেস্ক : পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষিত ডেডলাইন ডিসেম্বরকে ঘিরে বড় সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটি রাজপথে সর্বশক্তি নিয়োগের প্রস্তুতি নিচ্ছে।
আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দিয়েছে দলটির হাইকমান্ড। এ লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় রাখার পাশাপাশি দলীয় সংসদ-সদস্যদেরও রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চায় দলটি। ডিসেম্বরজুড়ে বিজয় দিবস, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বর্ষপূর্তি ও খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়েও রাজপথে নিজেদের শক্তিশালী উপস্থিতি জানান দিতে চায় বিএনপি।
৯ নভেম্বর জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ-সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেছেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’ এর আগে বিভিন্ন বক্তব্যেও তিনি পলাতক স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছেন। এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিভিন্ন মহলের উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তিনি।
ডিসেম্বরের মধ্যে চব্বিশের গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে। যদিও কবে এবং কীভাবে তিনি ফিরবেন, তা এখনো অনিশ্চিত। অনেক পর্যবেক্ষক তার এই ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মনে করলেও বেশ কিছু দিন ধরে দলটির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
দেশের পোশাক খাতে অস্থিরতার নেপথ্যেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে সরকারি পদক্ষেপের পাশাপাশি সাংগঠনিকভাবে বিএনপি মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।
কারণ, দেশের রাজনীতিতে আলোচনা আছে, হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা চালাতে পারে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা এরই প্রমাণ বলে মনে করা হচ্ছে।
তবে হাসিনার ঘোষণা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। ৯ নভেম্বর সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, হাসিনা ফিরতে চাইলে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ১৭ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদও জানিয়েছেন প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া ছাড়া তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ নেই।
দলটির কেন্দ্রীয় নেতারা মনে করেন, ডিসেম্বরে হাসিনা ফিরবে না; তবে ভারতে বসে নানা ষড়যন্ত্র চালিয়ে যাবে। এমনকি দেশের অভ্যন্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা নাশকতার সৃষ্টির চেষ্টা করতে পারে। এ অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তার দিকটি বিবেচনায় রেখে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবেন। তাদের ধারণা, আওয়ামী লীগ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে বিএনপির পাশাপাশি সাধারণ জনগণ প্রতিহত করবে। এছাড়া ফ্যাসিবাদবিরোধী অন্য রাজনৈতিক দলগুলোও মাঠে নামবে বলেও আশা করছেন তারা।