বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:২৩:৫৭

যে ভুল ধরা পড়ল এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের বেতনের হিসাবে

যে ভুল ধরা পড়ল এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের বেতনের হিসাবে

এমটিনিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে চাওয়া অতিরিক্ত অর্থের হিসাবে ভুল ধরা পড়েছে। এ কারণে সংশোধিত হিসাব তৈরি করে অর্থ বিভাগে নতুন করে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। তবে ওই হিসাবের মধ্যে বড় ধরনের ভুল রয়েছে। নতুন পে-স্কেল অনুযায়ী শিক্ষকদের বেতন-ভাতা দিতে প্রস্তাবিত অর্থের চেয়ে আরও বেশি বরাদ্দ প্রয়োজন।

সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি হিসাবের ভুলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে অর্থ বিভাগ। এরপর গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশিকে চিঠি পাঠিয়ে নতুন করে হিসাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘নতুন করে হিসাব তৈরির কার্যক্রম প্রায় শেষ দিকে। আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার নতুন করে হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।