এমটিনিউজ ডেস্ক : একটি রাজনৈতিক দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে-বিদেশে যেখানেই তারা থাকুক, তাদের পরিচয় সন্ত্রাসী। এত মানুষ হত্যা ও নির্যাতনের পরও দলটির চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। গত কয়েকদিনের ঘটনাতেও বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘আমরা যখন দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সংসদে আলোচনার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনের চেষ্টা করছি, ঠিক সেই সময় পতিত, পলাতক ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কথায় বলে, চোর না শোনে ধর্মের কাহিনি। আবারও প্রমাণিত হয়েছে, সুযোগ পেলেও এই ফ্যাসিস্ট দলটির চরিত্র কখনো ঠিক হবে না।’
তিনি বলেন, ‘এই সন্ত্রাসীরা দেশে-বিদেশে আবারও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আমরা দেখেছি। এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেটিও দেখেছি। এনসিপি যখন আমেরিকায় গিয়েছিল, তখন তাদের সঙ্গে কী আচরণ করা হয়েছে, তা-ও আমরা দেখেছি। শুধু তা-ই নয়, ইতালিতে একজন নারীশিল্পীর ওপর কীভাবে বর্বরোচিত আক্রমণ চালানো হয়েছে, সেটিও দেশবাসী দেখেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী দলটির পলাতক নেত্রী তার অনুসারীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। জনগণকে হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এই দলটি প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়। তাদের কথা ও কাজের মাধ্যমে তারা প্রমাণ করেছে, তাদের পরিচয় একটি সন্ত্রাসী গোষ্ঠী।’
তিনি বলেন, এ ধরনের অপশক্তিকে রুখতে ২০২৪ সালের মতো সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।