বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:২৭:৫৬

পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের চৌধুরী

পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের চৌধুরী

এমটিনিউজ ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা একেএম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি বলেছেন, ঐতিহাসিক এই সংসদ ভবনে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে দাঁড়ানো তার কাছে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার স্মারক।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন হুমাম কাদের। পোস্টে দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানো একটি ছবিও যুক্ত করেন তিনি।

পোস্টে হুমাম কাদের লেখেন, ‘যখন ইতিহাস হয়ে ওঠে একান্ত ব্যক্তিগত। ইসলামাবাদের সংসদ ভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার, আমার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানোর মুহূর্তটি আমার জন্য ছিল অত্যন্ত আবেগঘন ও গর্বের।’

তিনি আরও লেখেন, ‘কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক সংসদ ভবনে আসা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার পরিবারের তিন প্রজন্মের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা। ইতিহাস শুধু আমাদের অতীতের সঙ্গে সংযুক্ত করে না, ভবিষ্যতের প্রতি আমাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।’

নিজের অনুভূতির কথা তুলে ধরে হুমাম বলেন, ‘আমার কাছে এই ছবিটি কেবল একটি মুহূর্তের স্মৃতি নয়। এটি প্রজন্ম থেকে প্রজন্মের এক গভীর আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের প্রতিফলন এবং জনসেবার সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধের এক অনন্য স্মারক।’

পোস্টের শেষে ছবির স্থান হিসেবে ‘সংসদ ভবন, ইসলামাবাদ, পাকিস্তান’ উল্লেখ করেন তিনি।

এদিকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে পাকিস্তান সফররত সংসদীয় প্রতিনিধিদল বুধবার দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম ঘুরে দেখেন।

পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশটির সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।