এমটিনিউজ ডেস্ক : ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ (আলিম) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু না করা এবং পিছিয়ে থাকা মাদ্রাসাগুলোকে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ২৬ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বোর্ড। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সম্প্রতি বোর্ডের নজরে এসেছে, তালিকাভুক্ত বেশ কয়েকটি মাদ্রাসা এখনো একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সংশ্লিষ্ট সব আলিম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) প্রবেশ করতে হবে। এরপর প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে আগামী ২৬ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের তথ্য পাঠানোসহ রেজিস্ট্রেশনের সব কাজ শেষ করতে হবে।
বোর্ড সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে পরবর্তী সময়ে এ নিয়ে কোনো জটিলতা তৈরি হলে তার দায় বোর্ড নেবে না। পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত তালিকায় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু না করা বেশ কয়েকটি মাদ্রাসার নাম ও ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করা হয়েছে। তালিকায় রয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যেখানে ৫২৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ ছাড়া সিলেট সরকারি কামিল মাদ্রাসায় ৩১০, তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায় ১৮৫ এবং কক্সবাজার আদর্শ গার্লস কামিল মাদ্রাসায় ১৮৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
এছাড়া বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ ও রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু না করা প্রতিষ্ঠানগুলোর তালিকাও বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।