এমটিনিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টস শ্রমিকদের বাসা ভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহীদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. বাচ্চু বলেন, সরকার শ্রমিকদের কথা বিবেচনা করে তাদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সরকার একই সঙ্গে এটাও সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো বাড়ির মালিক গার্মেন্টস শ্রমিকদের বাসা ভাড়া বাড়াতে পারবেন না। যদি কেউ ভাড়া বৃদ্ধি করেন, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকদের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শ্রমিকরা ন্যায্য মজুরি পাওয়ার পরও পার্শ্ববর্তী দেশের উদ্দেশ্য হাসিল করতে ফ্যাসিস্টদের উসকানি ও মদদে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়ার জন্য হামলা-ভাঙচুর চালানো হচ্ছে। আমরা সম্মিলিতভাবে এ ষড়যন্ত্র প্রতিহত করব।
গার্মেন্টস শ্রমিকদের বসবাসরত বাড়ির মালিক এবং শ্রমিকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।