এমটিনিউজ ডেস্ক : চার সদস্যের সাব-কমিটি গঠন করেছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। শিক্ষা খাতের বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে এই কমিটি গঠন করা হয়। প্রতিটি অভিযোগ তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে মূল কমিটির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এই সাব-কমিটিকে।
সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে গতকাল বুধবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোহাম্মদ কাউছার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
সংসদের কার্যপ্রণালি-বিধির ১৯৬ বিধি অনুযায়ী এ সাব-কমিটি গঠন করা হয়েছে। সাব-কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়াকে। কমিটির অন্য সদস্যরা হলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়- শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, পরিদপ্তর, আঞ্চলিক অফিস, জেলা শিক্ষা অফিস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তদন্ত করবে সাব-কমিটি। অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ মূল কমিটিতে প্রতিবেদন জমা দেবে তারা।