শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ০৮:২৩:১৯

যা হলে স্কুলের কমিটি বাতিল, আইনানুগ ব্যবস্থা

যা হলে স্কুলের কমিটি বাতিল, আইনানুগ ব্যবস্থা

এমটিনিউজ ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য প্রার্থীকে নিয়োগ থেকে বঞ্চিত করা হলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রয়োজনে সংশ্লিষ্ট কমিটি বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগসংক্রান্ত এক রিটের রায়ে এ নির্দেশনা দেন।

মামলার বিবরণে জানা যায়, অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মো. জাহাঙ্গীর আলম। তবে ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাতে তাকে নিয়োগ দেয়নি। এ ঘটনায় প্রতিকার চেয়ে ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন তিনি। পরে আদালত এ বিষয়ে রুল জারি করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করেন। তবে রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, আইনানুগ প্রক্রিয়ায় কোনো আবেদনকারী নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে যৌক্তিক কারণ ছাড়া তাকে নিয়োগ থেকে বঞ্চিত করা যাবে না।

এ ধরনের অনিয়মের সঙ্গে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিটি বাতিল ও শিক্ষকের এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

আদালতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।