এমটিনিউজ ডেস্ক : উৎপাদন খরচ বাড়লেও বাজারে মিলছে না ফসলের ন্যায্যমূল্য। দিনাজপুরের ফুলবাড়ি পৌর এলাকার পাইকারি সবজি বাজারে প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ৭ টাকায়। অথচ গত বছরের তুলনায় এবার বিঘাপ্রতি খরচ বেড়েছে। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিতে বাড়তি অর্থ ব্যয় করেও উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না কৃষকরা। এতে ভালো ফলনেও লোকসানের শঙ্কায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা।
শুক্রবার (২৭ নভেম্বর) ফুলবাড়ি পৌর এলাকার পাইকারি সবজি বাজারে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকা দরে। নভেম্বরের শুরুতে এ বাজারে প্রতি কেজি বাঁধাকপি দাম ছিল প্রায় ৪০ থেকে ৪৫ টাকা। ১৫ নভেম্বর পর্যন্ত বাঁধাকপি বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০-৩৫ টাকায়, ১৭ নভেম্বর বিক্রি হয়েছে প্রতি কেজি ২৫-২৮ টাকা, ২০ নভেম্বর বিক্রি হয়েছে প্রতি কেজি ১৫-১৭ টাকা, ২৫ নভেম্বর বিক্রি হয়েছে প্রতি কেজি ৭-৮ টাকায়।
তবে আজ শুক্রবার বিক্রি হয়েছে ৫-৭ টাকা কেজি দরে। অর্থাৎ, বাজারে বাঁধাকপির দাম শুধু কমছেই।
উপজেলা দক্ষিণ কিষ্টপুর গ্রামের কপি চাষি মোস্তাফিজুর রহমান বলেন, দেড় বিঘা জমিতে নিনজা জাতের বাঁধাকপি চাষ করেছি। চারা, সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। মাঠ থেকে আকার ও প্রকারভেদে ৫ থেকে ৭ টাকা কেজি দরে কপি বিক্রি করে শ্রমিক ও পরিবহন খরচই উঠছে না। এখন পর্যন্ত ২৫ থেকে ২৭ হাজার টাকার কপি বিক্রি করেছি। বাকি কপি জমি খালি করতে কেটে গবাদিপশুকে খাওয়াচ্ছি।
উপজেলার পলিপাড়া গ্রামের সবজি চাষি মানিক চন্দ্র বলেন, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ বেড়েছে। অথচ উৎপাদিত সবজির দাম পাচ্ছি না আমরা। একদিকে মাঠে ক্রেতার কাছে কম দামে বিক্রি করতে হচ্ছে, অন্যদিকে বাজারে একই সবজি তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, মাঠপর্যায়ে ফসল উৎপাদনে ব্যয় বাড়লেও পাইকারি বাজারে সেই অনুপাতে দাম পাওয়া যাচ্ছে না। ফসলের ভালো ফলন তাদের জন্য স্বস্তির বদলে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, উৎপাদিত সবজি দ্রুত বিক্রি করতে না পারলে আরও লোকসানের আশঙ্কা থাকে।
অন্যদিকে, পাইকারি বাজারে কৃষকের কাছ থেকে কম দামে কেনা বাঁধাকপি খুচরা বাজারে কত দামে বিক্রি হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। উৎপাদনকারী কৃষক ও সাধারণ ভোক্তার মাঝখানে দামের ব্যবধান কতটা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃষকরা বলছেন, উৎপাদন খরচ বিবেচনায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাজারে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা, সরবরাহব্যবস্থা ও মূল্য নির্ধারণের বিষয়ে কার্যকর নজরদারি প্রয়োজন। তা না হলে উৎপাদন বাড়লেও ন্যায্যমূল্য না পেয়ে কৃষকেরা সবজি চাষে আগ্রহ হারাতে পারেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, এ বছর উপজেলায় ৪২০ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে। এতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭০০ টন কপি। একসঙ্গে বেশি কপি উৎপাদন হওয়ায় দাম কিছুটা কমেছে। আশা করছি ধীরে ধীরে বাজার ভালো হবে।