সোমবার, ১১ জুলাই, ২০২২, ১১:৫৭:১৪

ভারতীয় ক্রিকেটে নতুন সূর্যের উদয়, যার তেজে মুগ্ধ সবাই

ভারতীয় ক্রিকেটে নতুন সূর্যের উদয়, যার তেজে মুগ্ধ সবাই

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২১৬ রান তাড়া করতে নেমে ৫৫ বলে ১১৭ রানের ইনিংস উপহার দিলেন সূর্যকুমার যাদব। ট্রেন্ট ব্রিজেই জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এল অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাট থেকে। নিয়মরক্ষার ম্যাচে দল না জিতলেও সেই লড়াই অধিনায়ক রোহিত শর্মাকে গর্বিত করেছে।

মোট ১৪টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ইনিংস সাজান সূর্যকুমার। ভারতীয় ক্রিকেটে নতুন সূর্যের উদয়, যার তেজে মুগ্ধ সবাই। রোহিত বলেছেন, ‘‘অল্পের জন্য আমরা ম্যাচ জিততে না পারলেও অসাধারণ চেষ্টা ছিল ছেলেদের। বিশেষ করে, সূর্যকুমারের লড়াইয়ের তুলনা হয় না। ওকে দেখে আমি সত্যি গর্বিত।’’ 

রোহিত বলেন, ‘‘সূর্যকুমারকে বেশ কয়েক বছর ধরেই কাছ থেকে দেখছি। সে এই ফর্ম্যাটটা খুবই পছন্দ করে। ওর শটে যা বৈচিত্র আছে, তা অনেকেরই নেই। ধীরে ধীরে আরও উন্নত হয়েছে। শট নির্বাচনে আর কোনও খামতি নেই। যতই চাপ আসুক, ও নিজের খেলাটাখেলে দেয়।’’ 

মুগ্ধ শচীন টেন্ডুলকারও। তিনি টুইট করেছেন, ‘‘অসাধারণ ইনিংস, সূর্য। পয়েন্টের ওপর দিয়ে স্কুপ শটে ছয় মারাটা এক কথায় দুরন্ত।’’ বীরেন্দ্র শেবাগের টুইট, ‘‘সূর্যের কী তেজ! উজ্জ্বলতম লাগছে। অবিশ্বাস্য সব স্ট্রোক খেলল।’’

রোহিত মনে করেন, ইংল্যান্ডও ব্যাট হাতে ভারতকে চাপে রাখার চেষ্টা করেছে। তিনি বলেছেন, ‘‘ওরা আজ ভাল ব্যাট করেছে। আমাদের চাপে ফেলে দিয়েছিল। আমরা যদিও প্রত্যেক বোলারকে দিয়ে চার ওভার করিয়েছি। দেখে নিতে চেয়েছি, চার ওভারের মধ্যে যদি ওরা ম্যাচে ফিরে আসতে পারে। এ রকম একটি ম্যাচ থেকে অনেক শিক্ষা পেলাম।’’

সূর্যকুমারে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়কও। বাটলার বলেছেন, ‘‘খেলে সত্যি খুব ভাল লাগল। আমি ভেবেছিলাম, অনেক বেশি রান করেছি কিন্তু ভারত এ ভাবে লড়াই করে যাবে, আশা করিনি। সূর্যকুমার অসাধারণ একটি ইনিংস খেলে গেল। এ রকমই ভয়ডরহীন ক্রিকেটার একটা দলকে শক্তিশালী করে।’’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে