মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৫:০৯

'ডিরেক্টর অফ ক্রিকেট', বড় দায়িত্ব নিয়ে ক্রিকেটে ফিরলেন সৌরভ

'ডিরেক্টর অফ ক্রিকেট', বড় দায়িত্ব নিয়ে ক্রিকেটে ফিরলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি আবারও আইপিএল টুর্নামেন্টে ফিরতে চলেছেন। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস দলের 'ডিরেক্টর অফ ক্রিকেট' পদে তাকে নিয়োগ করা হচ্ছে। গত বছর সৌরভকে সরিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হয়েছিলেন রজার বিনি। 

তিন বছর পর সৌরভকে বিসিসিআইয়ের সভাপতি পদ ছাড়তে হয়।  সৌরভ এবার দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে বসতে চলেছে। ২০১৯ সালেও সৌরভ এই দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেইসময় তাকে দলের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল। এরপরই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণ করেন।

ক্যাপিটালস দলের এক কর্মকর্তা বললেন, 'হ্যাঁ, এবছর আবারও সৌরভ দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিতে চলেছে। ইতিমধ্যেই যাবতীয় কথাবার্তা পাকা হয়ে গিয়েছে। ইতিপূর্বে এই দলের হয়ে কাজ করেছেন তিনি। ফলে মালিকপক্ষের সঙ্গে তার একটা আলাদাই সৌহার্দ্যের সম্পর্ক রয়েছে। এটা আগে থেকেই ঠিক ছিল যে যদি তিনি আবারও কামব্যাক করতেন, তাহলে দিল্লি ক্যাপিটালস দলের হয়েই ফের কাজ করতেন।'

উল্লেখ্য, সৌরভ কলকাতা নাইট রাইডার্স এবং সাহারা পুনে ওয়ারিয়র্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন। গত বছর অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক দায়িত্ব থেকে তিনি বেরিয়ে আসেন। জানা গিয়েছে, আইপিএলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগেও তিনি প্রোটিয়া ক্যাপিটালসের দায়িত্বে থাকবেন।

এই নিয়ে সৌরভ-পন্টিং জুটি দিল্লি ক্যাপিটালসে ইনিংস শুরু করতে চলেছে। কিন্তু এই দলকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ ঋষভ পান্থ খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই দলের নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে। এই দলের সিনিয়রদের মধ্যে সবথেকে বেশি অভিজ্ঞতা রয়েছে ডেভিড ওয়ার্নারের। 

আশা করা হচ্ছে, তার হাতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হবে। তবে মণীশ পাণ্ডে হলেন আরও একটি বিকল্প। তিনিও শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন। তবে টুর্নামেন্ট শুরু আগে পর্যন্ত দিল্লি ক্যাপিটালস দলের নতুন অধিনায়কের নাম যে ঘোষণা করবে না, তা আশা করা যেতেই পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে