স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়ি জীবনে শেন ওয়াটসন ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তিনটি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের এই সাবেক সদস্য আইপিএলে খেলার সুবাদে ভারতীয় ক্রিকেটের খুঁটিনাটি জানেন।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াটসন বলেছেন, ভারত এবার অস্ট্রেলিয়া হয়ে যেতে পারে। মানে, অস্ট্রেলিয়া দুটি বিশ্বকাপ জিতেছিল একটি ম্যাচও না হেরে। তার ধারণা, এবার ভারতও তাই করবে। সাক্ষাৎকারের চুম্বক অংশ-
প্রশ্ন : বর্তমান ভারত দল সম্পর্কে আপনার অভিমত কী?
শেন ওয়াটসন : এই ভারত দলের কোনো দুর্বলতা নেই। তাদেরকে অনেকটা ২০০৩ ও ০৭ বিশ্বকাপের অস্ট্রেলিয়ার মতো মনে হচ্ছে। দলটার ভারসাম্য চমৎকার। তারা প্রতিপক্ষের ওপর দারুণভাবে প্রভাব বিস্তার করে। ভারতকে চ্যালেঞ্জ জানাতে যে কোনো দলকে তাদের সর্বোচ্চ দিতে হবে।
প্রশ্ন : হার্দিক পান্ডিয়া ফিরলে শামি না সিরাজকে খেলানো উচিত?
ওয়াটসন : হার্দিক পান্ডিয়া দলে ভারসাম্য নিয়ে আসে। আশা করি, সে দ্রুত ফিরবে। তবে তার চোটের কারণে মোহাম্মদ শামি একাদশে ফিরে দারুণ পারফর্ম করেছে। সিরাজও ভালো করেছে। হার্দিক ফিরলেও আমি শামিকে দলে রাখতে চাইব।
প্রশ্ন : কোহলি যেভাবে ব্যাট করছে, তাতে কি মনে হয় না যে, এই বিশ্বকাপের সেরা ব্যাটার সে?
ওয়াটসন : যদি সে সেরা না-ও হয়, সেরার কাছাকাছি। সে ফিল্ডিংয়ে সব সময় যে নিবেদন দেখায়, সেটা অতিমানবীয়। একটু পরেই যেভাবে ব্যাটিং করে তা অবিশ্বাস্য। কোহলি ক্রিকেটের এক বিস্ময়।
প্রশ্ন : আপনি কি মনে করেন, কোহলি সাদা বলের ক্রিকেটে সেরা রান তাড়া করা ব্যাটার?
ওয়াটসন : অবশ্যই, সে ইতিহাসের সেরা। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অসিদের বিপক্ষে যেভাবে রান তাড়া করেছিল, তা এখনো আমার মনে আছে। সে যেভাবে আধিপত্য বিস্তার করে, তাকে আপনি অগ্রাহ্য করতে পারেন না। আমি জানি, ধোনি রান তাড়ায় চমৎকার, কোহলি টি-টোয়েন্টিতে আর ওয়ানডেতে সেটা করেই যাচ্ছে।
প্রশ্ন : শচীনের সঙ্গে কীভাবে কোহলির তুলনা করবেন?
ওয়াটসন : কোনো বিতর্ক ছাড়াই শচীন সেরা। তবে কোহলি রান তাড়া করতে নেমে ২৭টি সেঞ্চুরি করেছে এবং বেশিরভাগই ভারত জিতেছে, যা আগে হয়নি। রান তাড়ায় শচীনের (৪২.৩৩) চেয়ে কোহলির (৬৫.৪৯) গড় বেশি। হয়তো সতীর্থদের পারফরম্যান্সের কারণে শচীনের সময়ের চেয়ে এখন ভারতের জয়টা বেশি। তবে কোহলি যা করছে, তা অতিমানবীয়।
প্রশ্ন : বিশ্বকাপে ভারতকে কেউ হারাতে পারবে না?
ওয়াটসন : অস্ট্রেলিয়া পারবে। ইতিহাস বলে, অস্ট্রেলিয়া তাদেরকে চ্যালেঞ্জ জানাবে, যদি অসিরা নিজেদের সেরাটা দিতে পারে। কারণ, তাদের এমন খেলোয়াড় রয়েছে, যাদের শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলা ও জেতার অভ্যাস রয়েছে।
প্রশ্ন : এই বিশ্বকাপে কোন অলরাউন্ডার আপনাকে মুগ্ধ করেছে?
ওয়াটসন : রাচিন রবীন্দ্র, অসাধারণ খেলছে। সে যেভাবে বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছে, এটা কেউ আশা করেনি। প্রয়োজনের মুহূর্তে সে উইকেটও তুলে নিচ্ছে। রাচিন নিউজিল্যান্ড ও চলতি বিশ্বকাপের এক দারুণ আবিষ্কার।