রবিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫০:১৩

রিকি পন্টিংয়ের চোখে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় যিনি

রিকি পন্টিংয়ের চোখে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় যিনি

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছে ভারতের ওপেনার অভিষেক শর্মা। বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যানও তিনি। আর এই অভিষেক শর্মার উপরই বাজি ধরলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং।

আর এক সপ্তাহ পর মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সাবেকরা ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার পন্টিং মনে করেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক ও টুর্নামেন্ট সেরা হতে পারেন ভারতের অভিষেক শর্মা।

আইসিসি রিভিউয়ে পন্টিং বললেন, 'সে একজন স্টার। আমার মনে হয়, এটা (অভিজ্ঞতার ঘাটতি) তার জন্য সত্যিকারে ইতিবাচক হবে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হতে পারে সে, সম্ভাব্য প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও।'

অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক আরও বলেন, 'আমি তাকে এতটাই ভালো মনে করি। সত্যি যদি সে এটা করতে পারে, ভারতকে হারানো হবে আরও বেশি কঠিন। যদি সে না পারে, তাহলে তারা (ভারত) হবে অন্য যে কোনো দলের মতোই নড়বড়ে। এই বিশ্বকাপে ভারতের জন্য তাকে আমি এতটাই গুরুত্বপূর্ণ মনে করি।'

২ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার রান এখন ১ হাজার ২৯৭। যেখানে তার ব্যাটিং গড় ৩৭.০৫ এবং স্ট্রাইক রেট ১৯৪.৭৪।

রিকি পন্টিং বলেছেন ক্যারিয়ারের শুরু থেকেই এই প্রতিভা ব্যাটারের সম্পর্কে তিনি ধারণা পেয়েছিলেন। কারণ, আইপিএলে অভিষেকের প্রথম কোচ ছিলেন তিনি। পন্টিং তখনই বুঝেছিলেন, অভিষেক শর্মা হবেন একজন বিধ্বংসী ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০১৮ আসরে আইপিএলে অভিষেক হয় আভিশেকের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই ১৯ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে