বুধবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০৩:১১

ভারতের কথা শুনে নিজের পায়ে কুড়াল মারলো আইসিসি!

ভারতের কথা শুনে নিজের পায়ে কুড়াল মারলো আইসিসি!

স্পোর্টস ডেস্ক : টাইগার পেসার মোস্তাফিজকে দলে নিয়ে আবার ছেড়ে দেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা। যার ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মোস্তাফিজকে দল থেকে বাদ দেয়ায়, বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে। 

যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। এদিকে, বাংলাদেশকে সমর্থন জানিয়ে প্রথমে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। তবে শেষ পর্যন্ত পাকিস্তান জানায়, পুরো বিশ্বকাপ নয় শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছে তারা। এক মোস্তাফিজকে বাদ দেয়ার কারণে ভারতের ক্রিকেট বোর্ড ও আইসিসির মোটা অঙ্কের ক্ষতি হতে যাচ্ছে।

৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়ে পরবর্তীতে রাজনৈতিক চাপে তাকে দল থেকে বাদ দেয় কলকাতা। তাতে মোস্তাফিজের পুরো অর্থটাই লোকসান হয়েছে। তবে এরপর বাংলাদেশের বিশ্বকাপ বয়কট এবং পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ফলে বিসিসিআই ও আইসিসির যে অর্থ লোকসান হচ্ছে, তা মোস্তাফিজের ৯ কোটি ২০ লাখ রুপির চেয়ে বহু গুণ বেশি। ফলে এ যেন ভারতের কথা শুনে নিজের পায়ে কুড়াল মারলো আইসিসি।

ভারত–পাকিস্তান ম্যাচের মোট বাজারমূল্য কত, সুনির্দিষ্ট গাণিতিক হিসাব নেই। তবে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপনের হার, স্পনসরশিপ, টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড মিলিয়ে রক্ষণশীল হিসেবেও প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ১২০ কোটি টাকার বেশি।

ভারতীয় গণমাধ্যম এনডিটির প্রতিবেদন বলছে, ভারত–পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয় ২৫ থেকে ৪০ লাখ ভারতীয় রুপিতে। ভারত–পাকিস্তান ম্যাচ না হলে সরাসরি আঘাত পড়বে সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠানের আয়ে। বড় অঙ্কের অর্থ দিয়ে তারা আইসিসি থেকে স্বত্ব কেনে। শুধু একটি ভারত–পাকিস্তান ম্যাচ থেকেই বিজ্ঞাপনের মাধ্যমে আনুমানিক ৩০০ কোটি রুপি ওঠে বলে ধারণা করা হয়। ম্যাচ না হওয়া মানে এই লাভটা তারা করতে পারবে না।

বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকারী জিওস্টার আগেই লোকসানের কারণে আইসিসির কাছে অর্থ ফেরত চেয়েছে। এবার ভারত–পাকিস্তান ম্যাচ না হলে যা আরও জোরালো হবে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের অভ্যন্তরীণ মূল্য ধরা হয় প্রায় ১৩৮.৭ কোটি রুপি।

এর আগে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি ২১ লাখ টাকা) আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ ক্রিকেট। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে