বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০১:১২

দফায় দফায় হওয়া এই সংঘর্ষে শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত

দফায় দফায় হওয়া এই সংঘর্ষে শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত

স্পোর্টস ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে রূপ নিয়েছে ধূপখোলা মাঠ। দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হওয়া এই সংঘর্ষে শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে খেলা শেষ হওয়ার পরপরই এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয়েছিল ইসলামিক স্টাডিজ বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-০ গোলে জয় লাভ করে ইসলামিক স্টাডিজ বিভাগ। তবে খেলা শেষ হওয়ার পর দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ থামাতে গিয়ে এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন শিক্ষক ও সাংবাদিকরা। আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন– ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম, ড. তারেক বিন আতিক, ড. মুহাম্মদ সালেহ উদ্দিন ও ড. ইব্রাহীম খলিল। এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেরও একাধিক শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

পেশাগত দায়িত্ব পালনকালে আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে দ্য ডেইলি স্টারের জবি প্রতিনিধি রাকিবুল হাসান রাকিব, দৈনিক আমার দেশের লিমন ইসলাম, দেশ রূপান্তরের ফাতেমা আক্তার, দিনকালের এস এম সিয়াম, নওরোজের নাঈমুর রহমান এবং বায়ান্ন নিউজের মিনহাজুল ইসলাম মিন্টুসহ বেশ কয়েকজন বর্তমানে রাজধানীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন।

সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘খেলা নিয়ে এ ধরনের মারামারির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা উভয় বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহা করার চেষ্টা করছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে