বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২১:১৭

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা! আশঙ্কাই সত্যি হলো

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা! আশঙ্কাই সত্যি হলো

স্পোর্টস ডেস্ক : আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। 

কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে খেলতে আপত্তি জানানোয় আসন্ন বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। এর ফলে টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।

বাংলাদেশ সরে দাঁড়ানোয় আগে থেকেই ইডেনে দর্শকখরার আশঙ্কা করা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হচ্ছে। এক অবিশ্বাস্য ঘটনা!পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিই হচ্ছে না ইডেনে। 

টিকিটের লাইনে চার-পাঁচ জনের বেশি মানুষ দেখাই যাচ্ছে না। আরও জানা যাচ্ছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে অফলাইন টিকিটের যে স্টলগুলো দেওয়া হয়েছে, সেখানে হাতে গুনে ছয় জনের বেশি দেখা যায়নি।

ইডেনে সব মিলিয়ে ৬৫ হাজার দর্শকাসন। অথচ সব ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি বলে প্রতিবেদনে উঠে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ২ হাজার ৯১৭টি। স্কটল্যান্ড-ইতালি ম্যাচে মাত্র ৩৪৮টি টিকিট বিক্রি হয়েছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ড ম্যাচে ২০৭৫ টিকিট কিনেছেন দর্শকরা। ইংল্যান্ড-ইতালি ম্যাচে টিকিট বিক্রির সংখ্যা ৪৯৭০। ওয়েস্ট ইন্ডিজ-ইতালির খেলা দেখতে আসবেন এখনও পর্যন্ত ১২৪৮ জন।

সুপার এইট এবং সেমিফাইনাল মিলিয়ে মোট ৯০০০ টিকিট বিক্রি হয়েছে। গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ দেওয়া হয়নি ক্রিকেটের নন্দনকাননে। অনেকেই মনে করছেন, বাংলাদেশ না আসায় যে আগ্রহ ছিল দর্শকদের, সেটাও চলে গিয়েছে।

সিএবির অবশ্য ক্ষতি হচ্ছে না। ম্যাচ আয়োজন করার যে মূল্য তারা পাচ্ছে তাতেই খরচ উঠে আসছে। মাঠে দর্শক আনার জন্য বাড়তি কিছুও করা হচ্ছে না। বিশ্বকাপকে ঘিরে শহরে কোনও আগ্রহ নেই ক্রিকেটপ্রেমীদের। বরং ঘরোয়া লিগের ম্যাচ ঘিরে অনেক বেশি চর্চা হচ্ছে। আজই কলকাতায় পৌঁছে যাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের। শুক্রবার অনুশীলন করে আগামী রোববার ম্যাচ খেলতে নামবেন শাই হোপরা। প্রথম ম্যাচে স্কটল্যান্ড কোনও চমক দেখাতে পারে কি না সেটাই দেখার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে