স্পোর্টস ডেস্ক : আসন্ন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড দল। দলের দুই সেরা ব্যাটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে ভাইরাসজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছেন। ফলে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তারা। তবে নিউজিল্যান্ড কোচ আশাবাদী, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সবাই সুস্থ হয়ে উঠবেন।
নিউজিল্যান্ড দলের প্রধান কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, অসুস্থতার কারণে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন না। একই সঙ্গে কাঁধের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা ওপেনার ফিন অ্যালেনকেও বিশ্রামে রাখা হবে।
এদিকে রব ওয়াল্টার সাংবাদিকদের বলেন, “দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে দলে কিছুটা অসুস্থতা দেখা দিয়েছে। ডেভন ও রাচিন ভাইরাসজনিত সংক্রমণে ভুগছে, যা সফরের সময় প্রায়ই দেখা যায়। রাচিন আমার পাশের রুমে থাকছে, সারা রাত তার অবস্থা ভালো মনে হয়নি। এই মুহূর্তে সবাই মোটামুটি সঠিক পথে আছে। প্রথম ম্যাচের আগে সবাই ফিট ও সুস্থ থাকবে বলে আশা করছি।’
আগামী রবিবার চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড। এদিকে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল সম্প্রতি ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি প্রস্তুতি সিরিজে কাফ ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তার ফিট থাকার ব্যাপারে আশাবাদী কোচ। অন্যদিকে জিমি নিশাম অসুস্থ হয়ে পড়েছেন এবং পেসার লকি ফার্গুসন ইনজুরি কাটিয়ে ফিরছেন।
এদিকে ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের আসর। বৈশ্বিক এই আসরের আগে নিউজিল্যান্ড দল কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পেতে কিছুটা হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ইনজুরি ও অসুস্থতার সমস্যা নিউজিল্যান্ড শিবিরে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। তবে কোচ ও টিম ম্যানেজম্যান্ট আশা করছে, সময়মতো সব খেলোয়াড় সুস্থ হয়ে মাঠে ফিরবেন।