শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ১০:০২:৪২

‘আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে’

‘আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে’

স্পোর্টস ডেস্ক : গত বছরের নভেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটির একটি প্রীতি খেলার কথা ছিল ভারতের কেরালায়। শেষ পর্যন্ত অবশ্য ভারত সফর বাতিল করে আর্জেন্টিনা। 

কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নাকি কেরালায় প্রীতি ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়েছিল। এ জন্য নাকি তারা অগ্রিম টাকাও নিয়েছিল বলে অভিযোগ করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরাহিমান। 

আজ (২ এপ্রিল) স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভি. আবদুরাহিমান বলেন, ‘আমি সত্যিই চেয়েছিলাম আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসি কেরালায় আসুক এবং এখানে একটি ম্যাচ খেলুক। আমরা এর জন্য বেশ কয়েকবার আলোচনা করেছি। এই মাপের একটি আন্তর্জাতিক দলকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ২৫০ কোটি টাকা জোগাড় করতে স্পন্সর খুঁজে পাওয়া সহজ কাজ ছিল না।

কেরালার ক্রীড়ামন্ত্রী এরপর অভিযোগ করেন, আর্থিক চুক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও আর্জেন্টিনা দল তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি, ‘টাকা পাওয়ার পর আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তাদের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি। কথা দিয়েও তারা আসেনি।’

আর্জেন্টিনা দলের এমন প্রতারণা নতুন কিছু নয় বলেও দাবি করেছেন আবদুরাহিমান, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, তারা আরো পাঁচটি দেশের সঙ্গে এমনটা করেছে।

তারা টাকা নিয়েছে, কিন্তু খেলতে যায়নি। এখন আমাদের মামলা করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে