সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১৬:২৭

৩ শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

৩ শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা অবশেষে কাটতে শুরু করেছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে ঘোষণা দিয়েছিল পাকিস্তান, তা থেকে সরে আসার ইঙ্গিত মিলেছে। তবে এর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি কঠিন শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (8 ফেব্রুয়ারি) লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ও সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ইমরান খাজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী এক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও বরফ গলার আভাস পাওয়া গেছে।

ভারতীয় ও পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বৈঠকে আইসিসির কাছে তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে পিসিবি। দাবিগুলো হলো- ১. বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ২. টুর্নামেন্টে অংশ না নিলেও বাংলাদেশের প্রাপ্য ‘অংশগ্রহণ ফি’ নিশ্চিত করতে হবে। ৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট একক বা যৌথভাবে আয়োজনের অধিকার বাংলাদেশকে দিতে হবে।

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা পিসিবিকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। আইসিসি স্পষ্ট করেছে, আলাদাভাবে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেয়ার নিয়ম নেই। তবে তারা আশ্বাস দিয়েছে, আইসিসির লভ্যাংশ বা আয়ের পূর্ণ অংশ বাংলাদেশকে বুঝিয়ে দেয়া হবে। ইমরান খাজা পরামর্শ দিয়েছেন, পিসিবি চাইলে বিষয়টি নিয়ে বোর্ড সভায় বা আরবিট্রেশন কমিটিতে যেতে পারে, কিন্তু মাঠের খেলা বন্ধ রাখা উচিত হবে না।

বৈঠকে অনিবার্য কারণ দর্শানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। টুর্নামেন্ট শুরুর মাত্র ১০ দিন আগে বয়কটের সিদ্ধান্ত জানানোয় আইসিসি পিসিবির কাছে আইনি ব্যাখ্যা চেয়েছে। ম্যাচ না হলে বিশাল আর্থিক ক্ষতির পাশাপাশি পাকিস্তানের সদস্যপদ স্থগিত বা বাতিলের ক্ষমতার বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছে সংস্থাটি। তবে পিসিবি মনে করছে, অতীতের দ্বিপক্ষীয় সিরিজ সংক্রান্ত বিরোধের নজির এবং আইনি যুক্তিতে তাদের অবস্থান বেশ শক্ত।

বৈঠকের আলোচনা ও প্রস্তাবগুলো নিয়ে এখন পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলবে পিসিবি। সরকারের সবুজ সংকেত পেলেই ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে পাকিস্তান। এর আগে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে